জুলাই ১৩, ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি পাহারা না দিলে নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক আগেই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে গিলে ফেলত।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে নওগাঁয় এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান লেখেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছেন। অথচ বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ শিথিল করে, তাহলে আওয়ামী লীগের নেতারাই এনসিপিকে রাজনৈতিকভাবে গিলে ফেলবে।’
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠের বাইরে রাখার ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে। তাঁর ভাষায়, ‘পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে কি না, সেটাই প্রশ্ন।’
রাশেদ খান আরও অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের পর সরকারি সুযোগ-সুবিধা পেয়ে কিছু রাজনৈতিক নেতা বাস্তবতা ভুলে যাচ্ছেন এবং সরকারিভাবে নিরাপত্তা নিয়েই সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তাঁর মতে, এভাবে রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয়।
পোস্টে তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর এনসিপির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে এবং জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও রাশেদ খানের প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি।