জুলাই ১৩, ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষমতাসীন বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করে যারা
অর্থবিত্তের মালিক হয়েছেন, সময় এলে তাদের পালানোরও জায়গা থাকবে না।
তিনি বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমরা এখনও তাঁর বিচার করতে পারি নাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া আমাদের অপরাধ না। তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।’
বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয় এবং শেখ হাসিনার বিচার সম্পন্ন না হয়, তাহলে আমরা এই সরকারের পতনের আন্দোলন করব। সরকার গঠনের সুযোগ পেলে আওয়ামী লীগের অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।’
চলমান বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, দুর্গত মানুষের পাশে সরকার কার্যকরভাবে দাঁড়াতে পারেনি এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের মাঠে দেখা যায়নি।
তিনি বলেন, ‘আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। তবে কেউ যদি সেই সুযোগের অপব্যবহার করেন, তাহলে তার জবাব দিতে আমরা প্রস্তুত।’
ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিহত করবে।
এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে এনসিপির নেতারা নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পদযাত্রা ও পথসভায় অংশ নেন।