জুলাই ১২, ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। আজ (রোববার) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের সদস্যরা।
দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। রোববার সকালে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এ ছাড়া প্রধান বিচারপতি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও ইউনিট, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের মৃত্যুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন।