জুলাই ১৩, ২০২৬, ০৫:২০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের আস্থা ধরে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতি বজায় রাখতে হবে।
সোমবার বরিশাল জেলার রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, বিভিন্ন রণকৌশলের প্রয়োগ, মৌখিক আদেশ কার্যক্রম, উদ্ভাবিত সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক। সেই আস্থা অটুট রাখতে প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।