বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর, ঘটনাস্থলেই আটক অভিযুক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০১:৪৮ পিএম

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে  প্রাণ গেল নারীর, ঘটনাস্থলেই আটক অভিযুক্ত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। হামলার পর পালানোর আগেই অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার রাতে ডিআইটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে পটুয়াখালীর সদর উপজেলার তিতকাটা গ্রাম থেকে আত্মীয়ের বাসায় বেড়াতে ঢাকায় আসেন ঝুমুর। সন্ধ্যায় বাজার থেকে ফেরার পর সাবেক স্বামী রেজাউল ফোন করে তাকে নিচে দেখা করতে বলেন। পরে বাসার সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে ঝুমুরের ওপর হামলা চালান।  ছুরির আঘাতে ঝুমুরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আশপাশের লোকজন দ্রুত অভিযুক্তকে ধরে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্বজনদের ভাষ্য, ঝুমুরের প্রথম সংসার ভেঙে যাওয়ার পর রেজাউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। তবে সেই সংসারও তিন বছরের বেশি টেকেনি। বিচ্ছেদের পর তিনি এক প্রবাসীকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। প্রথম সংসারে তার ১২ বছর বয়সী এক ছেলে এবং বর্তমান সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Link copied!