ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক বেচাকেনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০২:২৫ পিএম

ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক বেচাকেনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস

সাইবার স্পেস ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও লেনদেনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

সংশোধিত আইনে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর মাদক-সংক্রান্ত অপরাধকে আলাদাভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী, সাইবার স্পেস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল ডিভাইস কিংবা ইলেকট্রনিক 

যোগাযোগব্যবস্থা ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, যোগাযোগ বা এ-সংক্রান্ত যেকোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেন বা সেই চেষ্টা করাও আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নতুন আইনের গুরুত্বপূর্ণ দিক হলো, ডিজিটাল মাধ্যমে সংঘটিত মাদক অপরাধের বিচার করতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।

আইনে বলা হয়েছে, এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে যেকোনো মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে।

আন্তর্জাতিক বা সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ হিসেবে অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সংশোধিত আইনে আদালতকে ডিজিটাল অ্যাকাউন্ট, সাইবার রিসোর্স, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি ও অন্যান্য ডিজিটাল সম্পদ জব্দ বা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

এছাড়া মাদকপ্রবণ এলাকায় পৃথক মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনর্বহাল করা হয়েছে। প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র বহন এবং ডগ স্কোয়াড গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!