জুলাই ১৫, ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে আন্দোলন আরও জোরালো করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সায়েন্সল্যাব মোড়ে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে বুধবার বিকেলে তারা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। একই সময়ে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বেলা ৩টার দিকে সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে নেওয়া সিদ্ধান্তে শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এবং পদত্যাগ করতে হবে।
অন্যদিকে দুপুর দেড়টার পর উত্তরা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
এর আগে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন তারা। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে সংসদে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কুমিল্লা মহিলা কলেজের একটি কেন্দ্র ছাড়া দেশের প্রায় সব কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষামন্ত্রী আরও জানান, কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে দুটি ভুল থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দ্রুত প্রশ্ন প্রস্তুতের কারণে এ ভুল হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত পরীক্ষাটি পুনরায় নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।