কাশিমপুর কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:১৬ পিএম

কাশিমপুর কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রিম্পা (২১) নামে এক নারী বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। 

ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারাগারজুড়ে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগারের সীমানা অতিক্রম করে পালিয়ে গেছেন।
পলাতক রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকায়। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজায় তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।

এআইজি মো. জান্নাতুল ফরহাদ বলেন, ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক বন্দিকে দ্রুত আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

Link copied!