হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:৩৭ পিএম

হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকার মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে মাইন পাতা এলাকা অতিক্রম করার সময় দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে এবং পরে সেগুলোতে আগুন ধরে যায়। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থার নির্দেশনায় জাহাজ দুটি ওই পথে চলাচল করছিল। তবে কোন দুটি জাহাজের কথা বলা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

আইআরজিসি নাবিকদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে, নিরাপত্তার স্বার্থে মাইন পাতা এলাকায় প্রবেশ না করতে এবং বিভ্রান্তিকর নির্দেশনা অনুসরণ না করতে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, আইআরজিসির অন্যান্য দাবির মতো এ দাবিটিও অসত্য।

এদিকে পৃথক আরেক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা চারটি জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল।

গত এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। দেশটি তেল ও পণ্যবাহী জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা উত্তর দিকের নৌপথ ব্যবহার করার নির্দেশনা দিয়েছে এবং দক্ষিণাঞ্চলের রুট এড়িয়ে চলতে সতর্ক করেছে।

অন্যদিকে এই পরিস্থিতির জেরে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নজরদারি জোরদার এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে দেশটির বিভিন্ন স্থানে রাতভর বিমান অভিযান চালিয়ে যাচ্ছে।

Link copied!