বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য এবার থাকছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:২৯ পিএম

বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য এবার থাকছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে প্রথমবারের মতো ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

ফিফা জানিয়েছে, শিরোপাজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের ২৩তম আসর থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এই নতুন স্বীকৃতি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বরাদ্দ থাকবে ৩০টি বিশেষ রিং। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত সংগ্রহযোগ্য পণ্য হিসেবে বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

বিশেষভাবে নকশা করা প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, অন্য পাশে থাকবে শিরোপাজয়ী দলের পরিচয় ও প্রতীক। খেলোয়াড়দের জন্য তৈরি রিংগুলোতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করার ব্যবস্থা। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে একটি ‘সার্টিফিকেট অব অথেনটিসিটি’।
ফিফা আরও জানিয়েছে, ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের নির্ধারিত মাপ অনুযায়ী তৈরি করা স্থায়ী রিং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়)। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

Link copied!