হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০১:২২ পিএম

হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

ছবি: সংগৃহীত

২-১ গোলের জয়ে প্রথমবার শেষ আটে নরওয়ে, ৩৬ বছর পর কোয়ার্টার ফাইনালের বাইরে সেলেসাওরা

আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনা। তবে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ড। প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি ঠেকানোর পাশাপাশি একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

ম্যাচের ৭৯তম মিনিটে মার্টিন ওডেগার্ডের আক্রমণ থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

যোগ করা সময়ে ক্যাসেমিরো আদায় করা পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ব্রাজিল।

এই জোড়া গোলের মাধ্যমে টুর্নামেন্টে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমতায় পৌঁছে গেছেন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নরওয়ে। তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

১৪তম মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের নেওয়া স্পট কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নাইল্যান্ড। এরপর গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেলির একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেন নরওয়ের এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি আনতে কোচ কার্লো আনচেলত্তি এনদ্রিক ও পরে নেইমারকে মাঠে নামান। তবে ব্রাজিলের আক্রমণ বারবার ব্যর্থ হয় নাইল্যান্ডের দৃঢ়তায়।

অন্যদিকে কোচ স্টালে সোলবাকেনের বদলি খেলোয়াড়দের কৌশল কাজে লাগে। শেষ দিকে আক্রমণের গতি বাড়িয়ে দুই গোল আদায় করে নেয় নরওয়ে।

এই হারে ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলেই বিদায় নিল ব্রাজিল। একই সঙ্গে টানা ষষ্ঠ বিশ্বকাপে নকআউট পর্বে ইউরোপের প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।

অন্যদিকে ইতিহাস গড়া নরওয়ে এবার প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে।

Link copied!