পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ডই সেরা: রদ্রি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০১:৩০ পিএম

পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ডই সেরা: রদ্রি

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। ডালাসের কটন বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই। ম্যাচের আগে স্পেনের অধিনায়ক রদ্রি দাবি করেছেন, পর্তুগালের তুলনায় তাদের মিডফিল্ডই বেশি শক্তিশালী।

অনুশীলনের আগে সাংবাদিকদের রদ্রি বলেন, “পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তারা খুবই কঠিন প্রতিপক্ষ। তবে আমার কাছে বিশ্বের সেরা মিডফিল্ড আমাদেরই।”

স্পেনের মাঝমাঠে রদ্রির সঙ্গে থাকবেন পেদ্রি ও দানি ওলমো। অন্যদিকে পর্তুগালের মিডফিল্ডে দায়িত্ব সামলাবেন ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস।

২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে শিরোপা জিতেছিল পর্তুগাল।

রদ্রি বলেন, “ওদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। প্রায় প্রতিটি পজিশনেই তারা শক্তিশালী। কিন্তু মাঠে আমরা প্রমাণ করতে চাই, আমরাই সেরা দল।”

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। তারা এখনও কোনো গোল হজম করেনি। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে পর্তুগাল ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নকআউটে উঠেছে।

নিজের ফিটনেস নিয়েও আশাবাদী রদ্রি। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা এই মিডফিল্ডার বলেন, “এখন আমি পুরোপুরি ফিট অনুভব করছি। ম্যাচের পর ম্যাচ নিজের ছন্দ ফিরে পাচ্ছি। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্সও আরও উন্নত হবে।”

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও নিজের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পর্তুগাল দারুণ একটি দল। তবে আমার বিশ্বাস, বিশ্বের সেরা খেলোয়াড়রাই স্পেন দলে খেলছে।”

শেষ আটে জায়গা নিশ্চিত করতে তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইউরোপীয় দলের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Link copied!