‘৫ জুলাই নাকি ১ এপ্রিল?’ ফিফাকে কটাক্ষ বেলজিয়াম কোচের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০১:৫২ পিএম

‘৫ জুলাই নাকি ১ এপ্রিল?’ ফিফাকে কটাক্ষ বেলজিয়াম কোচের

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত ফুটবলের নৈতিকতা ও স্বচ্ছতার পরিপন্থী।

গত বৃহস্পতিবার বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তার এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে শেষ ষোলোর ম্যাচের দুই দিন আগে সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়, বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফার এই সিদ্ধান্ত আসে।

রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গার্সিয়া ব্যঙ্গ করে বলেন, “আমি জানতাম না, ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু বেলজিয়ামের পক্ষ নিচ্ছি না। আমরা ফুটবল, এর নৈতিকতা এবং সততা রক্ষার জন্য কথা বলছি।”

রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও (আরবিএফএ) ফিফার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, বিষয়টি নিয়ে সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

চলতি বিশ্বকাপে তিন গোল করা বালোগুন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা। তার নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। একই সঙ্গে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।”

তবে এই বিতর্ক নিজেদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিনি বলেন, “যেই খেলুক, আমাদের লক্ষ্য একটাই—মাঠে জিতে পরের রাউন্ডে যাওয়া।”

একপর্যায়ে একই বিষয়ে বারবার প্রশ্নে বিরক্ত হয়ে গার্সিয়া সাংবাদিকদের বলেন, “এই বিষয় নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। এখন আমরা শুধু মাঠের খেলায় মনোযোগ দিতে চাই।”

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সিয়াটলে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।

Link copied!