জুলাই ৯, ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মন্ত্রী জানান, নিহত বাংলাদেশিদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে রয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী কর্মীদের বিভিন্ন সময়ে দেশে ফেরত আনা হয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। এছাড়া নয়জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।
নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, মরদেহ দাফনের জন্য বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
প্রবাসীদের সেবায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বহরে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে, যার একটি ঢাকা ও একটি সিলেট বিমানবন্দরে রয়েছে। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। ঢাকা বিমানবন্দরে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ বহনের সুবিধার্থে ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে। আহত ও অসুস্থ প্রবাসী কর্মীদের চলাচলের সুবিধায় ১০টি হুইলচেয়ার দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল কর্নার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।