ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) জানিয়েছে, নিহত দুই সমর্থকের বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় তারা হৃদরোগে আক্রান্ত হন।
সরকারি তথ্যে বলা হয়েছে, মন্টসেরাট এলাকার একটি বাসা থেকে জরুরি সহায়তার আবেদন পাওয়ার পর চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে সিপিআর দেন। তবে সব চেষ্টা ব্যর্থ হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা চিকিৎসার পর সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, ম্যাচ চলাকালে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৭২ বছর বয়সী আরেক সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ফাইনাল শেষে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে সমর্থকদের ব্যাপক ভিড়ের মধ্যে কয়েকটি দুর্ঘটনা ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত ভিড়, মদ্যপান এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ মুখমণ্ডলে, কেউ নাকে এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন।