মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৭:২৬ এএম

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

কিলিয়ান এমবাপে, ছবি: সংগৃহীত

লিওনেল মেসির সামনে ছিল কঠিন এক সমীকরণ। ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে ফাইনালে তাঁর প্রয়োজন ছিল অন্তত দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট। আর হ্যাটট্রিক করতে পারলে অন্য কোনো হিসাবের প্রয়োজনই থাকত না।

তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই স্বপ্ন পূরণ হয়নি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি মেসি।

ফলে গোল্ডেন বুটের দৌড়ে আর কোনো পরিবর্তন আসেনি। ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই নিজের অবস্থান আরও শক্ত করেন এমবাপে। ওই ম্যাচে দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে গোলসংখ্যা ১০ এ নিয়ে যান তিনি।

ফাইনালের আগে মেসির ঝুলিতে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। তাই ব্যক্তিগত এই পুরস্কার জিততে হলে তাঁকে হয় হ্যাটট্রিক করতে হতো, নয়তো দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট যোগ করে এমবাপেকে অ্যাসিস্টে ছাড়িয়ে যেতে হতো। কিন্তু স্পেনের শক্ত রক্ষণ ভেদ করতে না পারায় সেই লক্ষ্য অধরাই থেকে যায়।

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন কিলিয়ান এমবাপে।

Link copied!