আগস্ট ৯, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত তারা মিয়া চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের শ্রীমঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, রোববার ভোরে কুলাউড়ার আলীনগর সীমান্ত দিয়ে ৪ থেকে ৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় তারা অবস্থান করছিলেন।
সীমান্তের ওপারে চোরাচালানের পণ্য আনার উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। তখন আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।
বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া এর আগেও চোরাচালান পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।
ঘটনার বিষয়ে সীমান্ত পরিস্থিতি ও সংশ্লিষ্টদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে সীমান্তরক্ষী বাহিনী।