জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, যা জানাল জ্বালানি বিভাগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৯:০৫ পিএম

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, যা জানাল জ্বালানি বিভাগ

ছবি: সংগৃহীত

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে সরকার।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও নিরাপদ করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’ নামে এর একটি খসড়া তৈরির কাজ চলছে।

সরকারের জ্বালানি বিভাগ বলছে, প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকটের সময়ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা। পাশাপাশি সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগিয়ে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
নীতিমালাটি চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, বাজারে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই নীতিমালা প্রণয়নের বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করা হবে। ফলে এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। জ্বালানি বিভাগ বলছে, এসব তথ্যের কিছু অনুমাননির্ভর ও অসত্য, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।
এ কারণে বিষয়টি প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

Link copied!