ঢাকার গণপরিবহনে আসছে ২০০ বৈদ্যুতিক বাস, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০২:৪৪ পিএম

ঢাকার গণপরিবহনে আসছে ২০০ বৈদ্যুতিক বাস, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ছবি: সংগৃহীত।

ঢাকার গণপরিবহনকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সরকার সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে বৈদ্যুতিক বাসগুলো কেনার পরিকল্পনা করছে। প্রকল্পের মাধ্যমে বাস কিনতে গেলে অনুমোদন, দরপত্রসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া শেষ করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয়ের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমাতে ইভি বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাতেও এসব বাস কাজে আসবে।

নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিস প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শুধু বাসের ভেতরের পরিবেশ নয়, বাসের জন্য অপেক্ষা করা এবং বাস থেকে নামার সময়ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, বাসে ওঠানামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীরা গণপরিবহন ব্যবহারে আগ্রহ হারাতে পারেন। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র ও অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সেই ভূমিকা আরও কার্যকরভাবে পালনের সুযোগ দিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি।

বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ বা তারও বেশি। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, পরিচালনা এবং সেবার মানে আরও পরিবর্তন আনা প্রয়োজন।

একই সঙ্গে নারীদের জন্য চালু করা বিশেষ বাসসেবা যাতে আগের বিভিন্ন উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

Link copied!