পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০২:৫০ পিএম

পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম, ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।’

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এই অধ্যাপক।

এর আগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। পরে নতুন কমিশন গঠনের অংশ হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মঙ্গলবারই এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে।

Link copied!