জুলাই ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন।
আজ (মঙ্গলবার) বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে এইচএসসি পরীক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হন।
দুপুর পৌনে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর দুপুর পৌনে ২টার দিকে তারা পলাশী হয়ে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হন।
আন্দোলনকারীরা দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন। পরে সেখান থেকে ফিরে আবারও সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান বলেন, পরীক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেওয়ার পর আমরা তাদের আলোচনার প্রস্তাব দিই। একপর্যায়ে তারা জানান, তাদের পাঁচ থেকে সাত জনের প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু পরে কথা না বলেই তারা সরে গেছেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কথিত কটূক্তির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো—আগুন জ্বালো’ এবং ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’।