চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, যেভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০২:২২ পিএম

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, যেভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

ছবি: স্কাই স্পোর্টস

চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শেষ হয়েছে। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে ২০২৬-২৭ মৌসুমের মূল পর্বে লড়াই করতে যাওয়া ৩৬ দল। নতুন কাঠামো চালুর পর সর্বশেষ দুই মৌসুমেও ৩৬ দল নিয়ে হয়েছে চ্যাম্পিয়নস লিগ। আর এই দুই মৌসুমেই শিরোপা জিতেছে পিএসজি।

ফরাসি ক্লাবটি এবার টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপার মিশনে নামবে। তবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল কিংবা বায়ার্ন মিউনিখের মতো দলগুলোও চাইবে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় পিএসজির রাজত্বের অবসান ঘটাতে।

তবে মূল লড়াই শুরুর আগে আজ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। মোনাকোর গ্রিমালদি ফোরামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।

এবারের টুর্নামেন্টের ৩৬ দলের মধ্যে ২৯টি দল এসেছে ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে। বাকি সাত দল জায়গা করে নিয়েছে বাছাইপর্ব পেরিয়ে। নতুন কাঠামোয় এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। কোন আট দলের বিপক্ষে খেলবে তারা, সেটিই নির্ধারিত হবে আজকের ড্রয়ে।

কীভাবে হবে ড্র?

ড্র শুরু হবে পট-১-এর দলগুলোকে দিয়ে। প্রথমে পট-১ থেকে একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ বেছে দেবে। অর্থাৎ, প্রতিটি দল আটটি ভিন্ন দলের বিপক্ষে খেলবে। একই সঙ্গে কোন চারটি ম্যাচ ঘরের মাঠে এবং কোন চারটি প্রতিপক্ষের মাঠে হবে, সেটিও সফটওয়্যার নির্ধারণ করবে।

এভাবে পট-১-এর দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণের পর পট-২, ৩ ও ৪-এর দলগুলোর বাকি প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

তবে লিগ পর্বে একই দেশের কোনো দুই ক্লাব মুখোমুখি হতে পারবে না। একই সঙ্গে কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।

ড্রয়ের কোন পটে কারা?

পট-১: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

পট-২: অ্যাস্টন ভিলা, স্পোর্তিং সিপি, পোর্তো, বরুসিয়া ডর্টমুন্ড, এএস রোমা, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগা, রিয়াল মাদ্রিদ, পিএসভি।

পট-৩: ফেইনুর্দ, নাপোলি, লাইপজিগ, ভিয়ারেয়াল, বোদো/গ্লিমট, লিলে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই, ফেনেরবাহচে।

পট-৪: স্টুটগার্ট, কোমো, লাঁস, সাবাহ, লাস্ক, স্লাভিয়া প্রাগ, এথেন্স, ভাইকিং, স্লোভান ব্রাতিসলাভা।

লিগ পর্বের নিয়ম কী?

লিগ পর্ব শেষে পয়েন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দল পরের রাউন্ডে যাবে।

লিগ পর্বের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। এই পর্ব শুরু হবে আগামী বছরের মার্চে।

৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলবে প্লে-অফ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই পর্ব থেকে আটটি দল শেষ ষোলোর টিকিট পাবে।

আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ১২ দল লিগ পর্ব শেষেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেবে।

Link copied!