বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত: শামা ওবায়েদ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৬:০০ পিএম

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত: শামা ওবায়েদ

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সাহস, পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধের সমন্বয়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থান অর্জন করেছে।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ ও সংঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকেননি, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করেছে।

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই শান্তিরক্ষীরা নানা ঝুঁকি মোকাবিলা করে দায়িত্ব পালন করছেন। তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। বর্তমান সরকারও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানবতা, ন্যায়বিচার ও শান্তির মূল্যবোধে সমৃদ্ধ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে এ খাতে দেশের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক জানান, এ পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশে ৬৩টির বেশি শান্তিরক্ষা মিশনে দুই লাখ ছয় হাজারেরও বেশি বাংলাদেশি সদস্য দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ৪ হাজার ২১২ জন সদস্য কর্মরত রয়েছেন।

তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি ৩ হাজার ৮০০ জনের বেশি নারী শান্তিরক্ষীও বিভিন্ন মিশনে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন।

ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন বিশেষজ্ঞ অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানকে দেশের অন্যতম কার্যকর আন্তর্জাতিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়।

Link copied!