বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৫:০৫ পিএম

বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: পিএমও

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন অর্থবছরের জন্য এ খাতে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ শীর্ষক বাজেট বক্তৃতায় তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে প্রস্তাবিত বরাদ্দ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫ দশমিক ৪৭ শতাংশ বা ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি।

চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়ায়। সেই তুলনায় নতুন অর্থবছরে অতিরিক্ত ৪ হাজার ৬৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত ব্যয় ছিল ৬৯ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে দুই বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

নতুন বাজেটে কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১২ হাজার ৯২৭ কোটি টাকা। এ খাতে বরাদ্দ বেড়েছে ৯৪৭ কোটি টাকা।

কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়িয়ে ৩০ হাজার ৬৭১ কোটি টাকা করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২৯ হাজার ১৭০ কোটি টাকা। ফলে এ উপখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০১ কোটি টাকা।

বেতন-ভাতা খাতের মধ্যে সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন ভাতাদি বাবদ। নতুন বাজেটে এ খাতে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৪২ হাজার ৬৪২ কোটি টাকা। এককভাবে এ খাতেই সর্বোচ্চ ২ হাজার ১৯৩ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে কর্মকর্তা, কর্মচারী ও ভাতাদি খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি চাকরিতে নতুন জনবল নিয়োগের ধারাবাহিকতার কারণে প্রতিবছরই বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন হচ্ছে।

বাজেট দলিল অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট প্রস্তাবিত আবর্তক ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ ব্যয় হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধে।

Link copied!