মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৬, ১২:২৪ পিএম

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈর ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের ৮ মাস বয়সী শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকেন সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় আসেন। পরে দিবাগত মধ্যরাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।

পরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!