ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫৬ পিএম
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের দায়িত্ব পালন করবেন।
আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা উপস্থিত থাকবেন না। তবে মন্ত্রিপরিষদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত তারা সরকারি দায়িত্ব পালন করবে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকার শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নির্বাচিত রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।
নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যদি তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চান, আমরা প্রস্তুত আছি। দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে আমাদের দেশের দায়িত্ব নিতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে চেষ্টা করেছি। আশা করি মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, ‘আজকে কেবিনেট বৈঠকে নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে কথা হয়েছে। নির্বাচনের পর এক নারীর ওপর অন্যায় হয়েছে। তার সঙ্গে সরকারের পক্ষ থেকে অনলাইনে সরাসরি কথা হয়েছে। তাকে সর্বোচ্চ ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে’।
সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সংস্কারমূলক কাজ অনেকের পছন্দ হয়নি। এর কারণে একটি গ্রুপ পালানোর গুজব ছড়াচ্ছে।