চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২, আহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২, আহত ৩

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ককটেল তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে।


পুলিশ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আহত তিনজন হলেন— ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) এবং রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে।


পুলিশ আরও জানায়, যে বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল বিস্ফোরণে সেটি আংশিক ধসে পড়ে এবং টিনের চালা উড়ে যায়। ঘটনার পর বাড়ির মালিক কালামসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছেন। বিস্ফোরণের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!