গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৬ পিএম

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের ওপর অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

গেজেটে প্রকাশিত ফল অনুযায়ী, সংবিধান সংস্কারের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি।


শুক্রবার রাতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশিত এই গেজেটে সই করেন আখতার আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব।


গেজেটের তথ্যে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট ভোটার উপস্থিতি ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বৈধ ভোট হিসেবে গণ্য হয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি এবং বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন ঘটাতেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়। ওই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সরাসরি মতামত ও সম্মতি নেওয়ার লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছিল।


নির্বাচন কমিশন জানিয়েছে, ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’-এর ১৬ ধারার (৩) উপধারা অনুযায়ী চূড়ান্ত ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গণভোটের ফল আইনগত স্বীকৃতি পেল এবং প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের পথ আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!