রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২৬, ০২:১৬ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর অভিযোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখন পর্যন্ত ছয় শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়ার্ডে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ভোররাতের দিকে ঘটে।

জানা গেছে, ওই ওয়ার্ডে মোট ১১ জন শিশু ভর্তি ছিল। বাকি শিশুদের দ্রুত সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। 

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!