সাবেক এমপি আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:৩৭ পিএম

সাবেক এমপি আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।

গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন বলে মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

অভিযোগপত্র ভুক্ত অপর আসামিরা হলেন- সুমন বেপারী, মোহাম্মদ তাহের, মো. গোলাম কিবরিয়া খান, মোহাম্মদ মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, মোহাম্মদ রকি তালুকদার, নূর মোহাম্মদ হাসান, মোহাম্মদ শরীফ, ইকবাল হোসেন, মো. তরিকুল ইসলাম ইমন, তুহিন মিয়া, মো. হারুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম শফিক ও ইব্রাহিম সুমন।

আদালত সূত্র জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি অভিযোগপত্রের শুনানি হতে পারে।

প্রসঙ্গত,  গত বছরের ১৬ মে বিকেলে মিরপুর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তার ছেলের সামনে। ওই ঘটনায় তার মা আকলিমা বেগম ২০ জনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

Link copied!