নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৫ পিএম

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি

বঙ্গভবনের দীর্ঘ দিনের প্রথা ভেঙে এবার প্রথমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথগ্রহণ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হয়েছে।

দিবসটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ করাবেন। বিকাল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রথমে নতুন প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশি-বিদেশি অতিথি আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও আমন্ত্রণ পেয়েছেন বলে আইন উপদেষ্টা রবিবার সাংবাদিকদের জানিয়েছেন।

বিশেষত্ব হিসেবে এবারের শপথ অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ করবেন।

Link copied!