দেশের সকল বিদ্যুৎ গ্রাহককে শতভাগ প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনা হচ্ছে: বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

দেশের সকল বিদ্যুৎ গ্রাহককে শতভাগ প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনা হচ্ছে: বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সব বিদ্যুৎ গ্রাহককে ধীরে ধীরে প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে মিটার রিডারের প্রয়োজনীয়তা আর থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কাজ এগিয়ে চলছে। ভবিষ্যতে শতভাগ গ্রাহক এই ব্যবস্থার আওতায় এলে বিদ্যুৎ বিল প্রণয়ন ও বিতরণ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, বর্তমানে মিটার রিডাররা গ্রাহকের বাসায় গিয়ে রিডিং সংগ্রহ করেন এবং সেই অনুযায়ী বিল প্রস্তুত করে পৌঁছে দেন। তবে কিছু এলাকায় প্রযুক্তিনির্ভর ‘স্ন্যাপশট’ পদ্ধতিতে মিটারের ছবি তুলে রিডিং সংগ্রহ করা হচ্ছে, যা বিলের নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে।

তিনি আরও জানান, কোনো ক্ষেত্রে মিটার রিডিংয়ে অনিয়ম বা অসদুপায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি গ্রাহকের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে।

সরকার মনে করছে, প্রি-পেমেন্ট মিটার ব্যবস্থা চালু হলে বিলিং প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং গ্রাহক পর্যায়ে ভোগান্তিও কমবে।

Link copied!