এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:১৯ পিএম

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

আখতার হোসেন, ছবি: সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় জোটসমর্থিত প্রার্থী আখতার হোসেন হত্যার হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার রাতে করা জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর ব্যবহৃত ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

জিডিতে আরও বলা হয়, ওই অজ্ঞাত নম্বরের ব্যক্তির মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানানো হয়েছে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে।

রোববার সকালে এক ভিডিওবার্তায় হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেন আখতার হোসেন। সেখানে তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে তাঁর নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মহিবুল্লাহ বলেন, আখতার হোসেনের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের সময় এ ধরনের হুমকির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রার্থীর নিরাপত্তা ও ঘটনার সত্যতা যাচাইয়ে তারা তৎপর রয়েছে।

Link copied!