তেল সংকট নিয়ন্ত্রণে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৭:২০ পিএম

তেল সংকট নিয়ন্ত্রণে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তেল চোরাচালান ও অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
 

শনিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জ্বালানি তেলের দাম যাতে না বাড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানো এবং চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ইতোমধ্যে তেল পাচারের কয়েকটি ঘটনা নজরে এসেছে এবং এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।


বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সহধর্মিণী দিলারা হাফিজ এর মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

Link copied!