বড়পুকুরিয়ায় ৬ দিন পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৬, ১২:২৬ পিএম

বড়পুকুরিয়ায় ৬ দিন পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়। পরে সন্ধ্যার পর থেকে উৎপাদন শুরু হয়ে তা গ্রিডে যুক্ত করা হচ্ছে।

বর্তমানে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

গত ২৫ এপ্রিল বয়লারের পাইপে ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়।

বড়পুকুরিয়া কেন্দ্রটি ৫২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও বিভিন্ন সময় যান্ত্রিক সমস্যার কারণে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখা যায়নি। বর্তমানে কেন্দ্রটির অন্য দুটি ইউনিটও বন্ধ রয়েছে।

সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, দ্বিতীয় ও তৃতীয় ইউনিট মেরামতের কাজ চলছে। এর মধ্যে তৃতীয় ইউনিটে ওভারহোলিং কার্যক্রম শেষ হলে আগামী ১৫ মে নাগাদ সেটিও চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, বাকি ইউনিটগুলো চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং উত্তরাঞ্চলের ভোগান্তি কমবে।

Link copied!