জয়ের পর প্রথমবার মুখোমুখি হবেন গণমাধ্যমের

আজ বিকেলে তারেক রহমানের সংবাদ সম্মেলন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:৪৪ পিএম

আজ বিকেলে তারেক রহমানের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। নির্বাচনের ফলাফল, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা এবং সরকারের রূপরেখা নিয়ে তারেক রহমান বক্তব্য দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


দীর্ঘ দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন রাজনৈতিক ও দলীয় অনুষ্ঠানে অংশ নিলেও এটি হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।


নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসন থেকেই নির্বাচিত হয়েছেন।


নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে তারেক রহমানের বক্তব্যের দিকেই এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর।

Link copied!