মে ৬, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। একইসঙ্গে হামের পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার ঠেকাতে সাবেক অন্তর্বর্তী প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় বহু শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, শিশু মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তার দাবি, স্বাস্থ্য সংকট মোকাবিলায় অবহেলার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।
তিনি বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সরকারকে দ্রুত রোগটিকে মহামারি ঘোষণা করে চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, হামের বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগ আগের প্রশাসন কিংবা বর্তমান সরকারের সময়েও দৃশ্যমান হয়নি। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন নিয়ে আপত্তির ঘটনাকে কেন্দ্র করে ডাকসুর কিছু নেতারও সমালোচনা করেন তারা।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।