ফাইল ছবি।
স্বর্ণ ও স্বর্ণালংকারের বাজারকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনতে কর ও ভ্যাট কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে উৎসে কর ব্যাপকভাবে কমানোর পাশাপাশি ভ্যাট ব্যবস্থাও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিদ্যমান উচ্চ করহারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিকভাবে লেনদেন হচ্ছে। এতে সরকারের প্রত্যাশিত রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহের ক্ষেত্রে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারের আশা, করহার কমানো হলে ব্যবসায়ীরা আরও বেশি আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আসবেন এবং রাজস্ব আদায়ও বাড়বে।
একই সঙ্গে জুয়েলারি খাতে ভ্যাট আদায়ের পদ্ধতিতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে জুয়েলারি সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপিত হলেও নতুন প্রস্তাব অনুযায়ী শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের জন্য নির্দিষ্টভাবে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই স্বর্ণ ব্যবসায়ীরা উৎসে কর কমানো এবং ভ্যাট কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত করার দাবি জানিয়ে আসছিলেন। প্রস্তাবিত বাজেটে সেই দাবির প্রতিফলন দেখা গেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, প্রস্তাবগুলো কার্যকর হলে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পেতে পারে।