তেলের সরবরাহ স্বাভাবিক আছে, সংকট সৃষ্টি করছে মজুতদাররা: জ্বালানিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০১:৩০ পিএম

তেলের সরবরাহ স্বাভাবিক আছে, সংকট সৃষ্টি করছে মজুতদাররা: জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ইরান যুদ্ধের আগেও যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনও একই পরিমাণ সরবরাহ দেওয়া হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পে তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগে একটি ফিলিং স্টেশনের তেল বিক্রি হতে একদিন বা তারও বেশি সময় লাগত, এখন কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে পরিস্থিতি ঘোলাটে করছে।

মন্ত্রী জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে এবং অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাহিদা অনুযায়ী উৎপাদন অব্যাহত থাকায় দেশে লোডশেডিং নেই। নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে সরকার আরও সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।
তবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় এখনও অনেক ফিলিং স্টেশনে তেল সংকটের চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের, এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকরা।

Link copied!