ছবি: সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে ৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে আরও ৮৯৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জনে পৌঁছেছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ৪৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৬ হাজার ৭৮৮ জন।