পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৭:৫৭ পিএম

পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে নিহত ৩

ছবি: সংগৃহীত

পাবনার বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার পর আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ, নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির এবং সাপু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন পদ্মা নদী থেকে নবম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দাফন শেষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে একদল লোক অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে থাকা কয়েকজন গুরুতর দগ্ধ হন।

জানা গেছে, অগ্নিসংযোগের সময় অভিযুক্তদের পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। বিস্ফোরণে আহত ব্যক্তিরা মূলত প্রতিবেশী ও ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক মানুষ ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের পর তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Link copied!