গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৬, ১০:৩৬ এএম

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকোনা গ্রামে শুক্রবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মনির হোসেনের স্ত্রী, তার তিন শিশু সন্তান এবং শ্যালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে মনির হোসেনের অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকালে বাড়িটি থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরের ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় একাধিক মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। এতে ডাকাতি, পূর্বশত্রুতা কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ড সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

Link copied!