দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৩:১৮ পিএম

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণেই এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান আইন দিয়ে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। তাদের অবস্থা এখন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো।

এ সংকট কাটাতে ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

তিনি জানান, ঢাকায় প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে এবং বিভিন্ন জেলাতেও আরও অনেক মামলা ঝুলে আছে। বিপুল সংখ্যক এসব মামলার বিচার প্রথাগতভাবে করা কঠিন বলে মন্তব্য করে তিনি বলেন, মাদক মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি সাধারণ আদালতেও এসব মামলার বিচার চলবে।

Link copied!