দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০১:০৯ পিএম

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ২০১০ বিশ্বকাপের স্বাগতিকরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পরও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ৩২ নিশ্চিত করেছে বাফানা বাফানারা।

আজ (বৃহস্পতিবার) মেক্সিকোর মন্তেরেইতে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।

স্কোরলাইন খোলার উদ্দেশ্যে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। তবে তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।

ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দৃঢ়তায় লিড ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাফানা বাফানারা।

এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুন রাত ১টায় শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, গ্রুপের তিন ম্যাচেই জয় পেয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো।

Link copied!