ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা–ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন একই পক্ষের। তারা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন এবং ফেরদৌস হোসেন। অপর নিহত ব্যক্তি হলেন সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের সদস্য ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও স্থানীয় প্রভাবশালী খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহৃত হলে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজন নিহত হন।
এ সময় গুরুতর আহত অবস্থায় ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।