জুন ৭, ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
বিদেশে জীবিকার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো দুই বাংলাদেশি প্রবাসীর নিথর দেহ ফিরে এসেছে নিজ গ্রামে। সাতক্ষীরার সদর ও আশাশুনি উপজেলায় শনিবার সকালে মরদেহ পৌঁছানোর পর নেমে আসে গভীর শোকের ছায়া।
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলাম (৪৩) ও নাহিদুল ইসলাম (২২)-এর মরদেহ রবিবার সকাল ১০টার দিকে নিজ নিজ গ্রামে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া গ্রামে এবং নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে তারা লেবাননে যান। পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সেখানে কাজ শুরু করলেও শেষ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির সহিংসতার শিকার হয়ে প্রাণ হারান তারা।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। শোকাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
নিহত শফিকুল ইসলামের স্ত্রী রুমা খাতুন কফিন দেখে বারবার অজ্ঞান হয়ে পড়েন। দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা অবস্থায় তিনি কান্নাজড়িত কণ্ঠে স্বামী হারানোর শূন্যতা প্রকাশ করেন।
পরিবারের সদস্যরা জানান, স্থানীয়ভাবে জানাজা শেষে দুই প্রবাসীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মরদেহ দেশে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা কার্যালয়ের পক্ষ থেকে পরিবারের সদস্যদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও জানানো হয়েছে।