মার্চ ২২, ২০২৬, ০২:২৫ পিএম
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বৈশ্বিক এই পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে হলেও সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।
রোববার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং সাধারণ মানুষের ওপর যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে পরিস্থিতি জটিল হলে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং তা অব্যাহত রয়েছে। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে।