একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ২,২৬৬ কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৪:২৪ পিএম

একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ২,২৬৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকার আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন, সংশোধিত এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্পও রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সভায় মোট আটটি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে তিনটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, চট্টগ্রামের আনোয়ারা–বাঁশখালী–চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প।

এছাড়া ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সরকার জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও আঞ্চলিক যোগাযোগ খাতে অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

Link copied!