একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:৩৪ পিএম

একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

ছবি: পিএমও

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প।

আজ (বুধবার) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে এটি বাস্তবায়ন করা হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এটিকে সরকারের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সভা সূত্রে জানা যায়, একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প।

সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প অনুযায়ী, পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। পাশাপাশি হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থার পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে গড়াই-মধুমতী নদীর ১৩৫.৬ কিলোমিটার এবং হিসনা নদী ব্যবস্থার ২৪৬.৪৬ কিলোমিটার ড্রেজিং ও পুনঃখননের কাজ করা হবে।

এছাড়া প্রকল্পে ১৫টি স্পিলওয়েসহ গড়াই অফ-টেক, ফিশ পাস, নেভিগেশন লক এবং ৩৬.৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। চন্দনা অফ-টেকে চারটি স্পিলওয়ে, হিসনা অফ-টেকে পাঁচটি স্পিলওয়ে এবং ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলার প্রায় ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে বলে জানা গেছে।

দ্বিতীয় ধাপে অতিরিক্ত অবকাঠামো নির্মাণের পাশাপাশি চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পের আওতা দেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ জুড়ে বিস্তৃত, যা চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলাকে অন্তর্ভুক্ত করছে।

উল্লেখযোগ্য জেলাগুলোর মধ্যে রয়েছে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ; এবং বরিশাল বিভাগের পিরোজপুর।

নির্বাচনী ইশতেহারে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারাজ নির্মাণ, যা সরকার গঠনের পর এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে।

Link copied!