নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার প্রতিবাদে জ্বালানি তেল বিক্রি বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার প্রতিবাদে জ্বালানি তেল বিক্রি বন্ধ

ছবি: সংগৃহীত

নড়াইল সদরে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে, যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।

নিহত নাহিদ সরদার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীদের বরাতে জানা গেছে, রাতের দিকে ট্রাকচালক সুজাত তেল নিতে আসেন। এ সময় তেল সরবরাহ না হওয়ায় ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে নাহিদকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটে পাম্পের কাজ শেষ করে নাহিদ জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। তখন দ্রুতগতিতে ট্রাকটি তাদের পিছনে ধেয়ে এসে নাহিদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। জিহাদুলকে জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানিয়েছেন, ‘হাইওয়ে থানা পুলিশ এ ঘটনায় কাজ করছে। বিভিন্ন ইউনিট ও সংস্থা হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। ইতোমধ্যে ঘাতক ট্রাক যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।’

নিহতের সহকর্মী ও এলাকাবাসী পরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

Link copied!